পদত্যাগ করে রাশিয়া ছাড়লেন পুতিনের বিশেষ দূত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। তিনি দেশ ছেড়ে চলে গেছেন। চুবাইস যুদ্ধের প্রতিবাদস্বরূপ পদত্যাগ করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, চুবাইস আন্তর্জাতিকভাবে রাশিয়ার টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সমন্বয়ের দায়িত্বে ছিলেন। এ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, চুবাইস স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে তিনি রাশিয়া ছাড়বেন কি না, তা ব্যক্তিগত বিষয়। পদত্যাগের বিষয়ে কিছু বলেননি চুবাইস।

সম্প্রতি কয়েক সপ্তাহে পেসকভ ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ছাড়া পুতিনের ঘনিষ্ঠ অল্প কয়েকজনকে জনসমক্ষে দেখা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখায়লো পোদোলিয়াক বুধবার বলেন, এটা কৌতূহলপূর্ণ বিষয় যে নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ দুই কর্মকর্তা প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও চিফ অফ স্টাফ ভালেরি গেরাসিমভকে কোথাও দেখা যাচ্ছে না। রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রধানদেরও দেখা যাচ্ছে না।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০ সালে রাশিয়ার অর্থনৈতিক সংস্কারে ভূমিকার জন্য আলোচনায় ছিলেন চুবাইস। প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের শাসনামলে বেসরকারি খাতে উন্নয়ন করেন তিনি।