ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেলচাপায় আহত ৮ বছরের শিশু মো. সিয়াম (৮) মারা গেছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোশারফ হোসেন জানান, বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পারাপারের সময় মধুখালী গামী একটি মোটরসাইকেল চাপা দিলে সিয়াম গুরুতর আহত হয়। স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সে বুধবার রাতে মারা যায়।
সিয়াম উপজেলার গাজনা ইউনিয়নের বড়াইল গ্রামের মো. দাউদ মোল্যার ছেলে। সিয়াম পরিবারের সাথে মধুখালী পৌরসভার নানা বাড়ি পরিক্ষিতপুর গ্রামে বসবাস করত। মো. সিয়াম শাহ্ হাবিব আলিম মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর সংবাদ পেয়েছি। এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।