পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ৯/১১ টুইন টাওয়ারে হামলার পর থেকে বিশ্বে ইসলামোফোবিয়া বেড়েছে। এটি নিয়ন্ত্রণ করা হয়নি কারণ মুসলিম দেশগুলো ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে সমতুল্য করার যে ভুল বর্ণনা তা বন্ধে কিছুই করেনি।
তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন নির্বাসিত পাকিস্তানি নেতা সরদার সওকত আলি কাশ্মিরি। তিনি বলেন, আমরা চোখ বন্ধ করলে একই জিনিস দেখবো। কারণ সন্ত্রাসীদের প্রতি নমনীয় এক ব্যক্তি এই কথাগুলো বলছেন।
ইসলামাবাদে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে ইমরান খান বলেছিলেন, আমি একজন ক্রিকেটার হিসেবে বিশ্বের অনেক জায়গা ঘুরে দেখেছি। আমি বুঝতে পারি যে ৯/১১ ঘটনার পর মানুষের মধ্যে ইসলামফোবিয়া বেড়েছে।
এছাড়া ইমরান খান বলেন, আমার বলতে খারাপ লাগছে, কিন্তু তবুও বলতেই হবে যে আমরা মুসলিম দেশগুলো ইসলামফোবিয়া দূর করার কোনো অর্থবহ প্রচেষ্টা করিনি। কীভাবে এই পৃথিবীতে দুই ধরনের মুসলমান থাকতে পারে? কীভাবে? একজন উদারপন্থী মুসলমান এবং একজন কট্টর মুসলমানকে কিভাবে আলাদা করা হচ্ছে?