নওগাঁর মান্দায় একটি ধান ক্ষেত থেকে রিপন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১২ টায় উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দোডাঙ্গী মাঠ সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।
নিহত রিপন ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৩ মার্চ) রাতে জলসা দেখার জন্য বাড়ির বাইরে যায়। দীর্ঘ সময় ধরে তাকে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বাড়ি থেকে অনেকটা দূরত্বে একটি ধান ক্ষেতে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি শাহিনুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ধানক্ষেত থেকে রিপন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আমরা বের করব আসল ঘটনা কী। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান।