পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করলেন সিন্ধুর কৃষিমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা মঞ্জুর ওয়াসান। তিনি বলেন, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মুসলিম লীগ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।
একটি বিবৃতিতে, ওয়াসান বলেন, ক্ষমতাসীন সরকারের জোট অংশীদার মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ (পিএমএল-কিউ) তাদের ভবিষ্যৎ সম্পর্কেও সিদ্ধান্ত নিয়েছে। তারা বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জোট থেকে সরে দাঁড়াচ্ছে।
তিনি আরও বলেন, ২৮ মার্চ ইমরান খানের ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে, পাক আঞ্চলিক মিডিয়া অনুসারে তাকে সম্ভবত আদিয়ালা বা খয়েরপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হবে।
এদিকে আবার ইমরান খানের পদত্যাগের জল্পনার মাঝেই পাকিস্তানে আবার সেনা শাসন ফিরে আসার জল্পনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে ইমরানকে প্রধানমন্ত্রী পদ থেকে সরানোর জন্য তৎপর হয়েছিলেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং অন্য তিন লেফটেন্যান্ট জেনারেল। গত শুক্রবার ইমরান দেখা করেন সেনাপ্রধানের সঙ্গে। সেই বৈঠকে লেফটেন্যান্ট জেনারেলরাও উপস্থিত ছিলেন।