জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির মা আমেনা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে মরহুমার আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে কোরান খতম, বাদ যোহর জাতির পিতাসহ ১৫ আগস্ট সব শহীদ ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা, পরিবার স্বজন ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনার সঙ্গে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন সেরাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আলতাফ হোসেন। দোয়া-মিলাদ শেষে এতিম ও অতিথিদের খাবার পরিবেশন করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন-বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যানরা, উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
একই দিন বাদ যোহর মরহুমার রুহের মাগফিরাত কামনায় বরিশাল ক্লাবে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মরহুমার ছেলে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপিসহ বিভিন্ন সংসদ সদস্যরা, বিভাগীয় ও জেলার উচ্চ পদস্থ কর্মকর্তারা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা, উপজেলা চেয়ারম্যানরা, পৌর মেয়ররা ও মরহুমার পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।