স্পোর্টস রিপোর্টার
অনেক আশা, ভরসা, স্বপ্নের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আজ ওভালে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে শুরু করা প্রোটিয়াদের বিরুদ্ধে ভালো কিছুই আশা করছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তার চাওয়া, দল হিসেবে নিজেদের সেরাটা খেলুক বাংলাদেশ। আর ভালো শুরু পেলে টুর্নামেন্টে অনেক দূরে যাওয়ার আত্মবিশ্বাসটাও পাবে টাইগাররা।
টানা তিনটি বিশ্বকাপে শীর্ষ অলরাউন্ডার হিসেবে খেলতে নামছেন সাকিব আল হাসান। আজ এই বাঁহাতি অলরাউন্ডারের সামনেও রয়েছে নতুন রেকর্ডে নাম লেখানোর হাতছানি। তার অপেক্ষা একটি উইকেট শিকারের। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি উইকেট পেলেই ওয়ানডেতে সাকিবের উইকেট সংখ্যা হবে ২৫০। তাতেই বিশ্বরেকর্ডে নাম উঠবে তার। ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান ও ২৫০ উইকেটের মালিক হবেন বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টার বয়।
ওয়ানডেতে ৫ হাজার রান আগেই পূর্ণ করেছেন সাকিব। তার ঝুলিতে আছে এখন ৫ হাজার ৭১৭ রান। আর উইকেট ২৪৯টি। একটি উইকেট পেলেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাককে টপকে ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান করা এবং ২৫০ উইকেট নেওয়ার কীর্তিটা নিজের করে নেবেন তিনি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৬৪ উইকেটের মালিক মাশরাফি বিন মুর্তজা।
সাকিব খেলেছেন এখন পর্যন্ত ১৯৮ ওয়ানডে। আজ ১৯৯তম ম্যাচেই রেকর্ডের মালিক হতে পারেন এই অলরাউন্ডার। যে রেকর্ড গড়তে রাজ্জাকের লেগেছিল ২৫৯ ম্যাচ। এর আগে ৫ হাজার রান ও ২৫০ উইকেটের বিরল কীর্তি আছে চার অলরাউন্ডারের। তারা হলেন রাজ্জাক, শহীদ আফ্রিদি, জ্যাক ক্যালিস ও সনাথ জয়াসুরিয়া। তাদের মধ্যে সবচেয়ে দ্রুততম এই রেকর্ড গড়েছিলেন রাজ্জাক।
ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো শুরু আশা করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গতকাল তিনি বলেছেন, ‘দলের অবস্থা ভালো আছে। সবকিছুই ঠিক অবস্থানে আছে। একটা ত্রিদেশীয় সিরিজ জিতে আমরা বিশ্বকাপে আসছি। প্রস্তুতি ম্যাচও একটা খেলছি। আমার মনে হয় ওই আত্মবিশ্বাসটা কাজে লাগাতে পারলে ভালো কিছুই হবে।’
ইংল্যান্ডের কাছে হারলেও প্রোটিয়ারা অনেক শক্তিশালী দল। তবে চাপে ভেঙে পড়ার নজির তাদের অনেক। তারপরও ডু প্লেসিসদের বিরুদ্ধে ম্যাচ জিততে সেরাটা খেলতে হবে বাংলাদেশকে। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমাদের ভালো সুযোগ আছে। আমাদেরকে সেরাটা দিতে হবে। আর টুর্নামেন্টে ভালো শুরু পেলে, সামনে অনেক দূর যাওয়া যাবে। তাই ভালো একটা শুরু আশা করছি।’ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা একাদশের সিংহভাগ ক্রিকেটারই আজ প্রথম ম্যাচে খেলবেন। একাদশে ফিরবেন সাকিব। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত বা মেহেদী হাসান মিরাজের মধ্যে একজন। চোটের ধাক্কা কাটিয়ে তামিম ও সাইফউদ্দিনের খেলা নিয়েও সংশয় নেই প্রধান নির্বাচকের। বিশ্বকাপে শেষ দুই ম্যাচে আগে বোলিং করা দল জিতেছে। টস জিতেই ফিল্ডিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড। পাকিস্তান, শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়ে জয় তুলে নিয়েছে তারা। নান্নু বলছেন, ইংল্যান্ডের কন্ডিশনে টস জিতলে ফিল্ডিংই আগে করা উচিত। এখানে আবহাওয়ার বিষয় আছে। বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে ডিএলও হতে পারে।