ফুলবাড়ী সীমান্তে গ্রেফতার ২ মাদক কারবারি 

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৪ টায় সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরীফ উল্লাহ আবেদ। 

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আসাদুজ্জামান নূর (৩০) ও একই উপজেলার রথিনাথপুর গ্রামের আফসার আলীর ছেলে সবুজ মিয়া (২২)।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীন দাইনুর সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩১৫/৩ এস হতে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৬ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোনসহ নগদ ৭৬২০ টাকা জব্দসহ উল্লেখিত দুই মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য এক লাখ ৪৫ হাজার ২২০ টাকা।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরীফ উল্লাহ আবেদ বলেন, গ্রেপ্তারকৃতদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দসহ এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।
    
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়েরসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।