ভারতের রাজধানী দিল্লির নাজাফগড়ে ১৭ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে ৮৫ বছরের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। দেশটির পুলিশ জানিয়েছে, পোষা কুকুরের ক্রমাগত ঘেউ ঘেউয়ে বিরক্ত হয়ে কুকুরের মালিককে হত্যা করেছে ওই কিশোর। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ওই কিশোর গত শুক্রবার নাজাফগড়ের নাঙ্গলি ডেইরি এলাকায় প্রথমে ওই কুকুরের মালিক অশোক কুমারের বাড়িতে তার সামনেই কুকুরটিকে মারধর করে। এনিয়ে দুইজনের মধ্যে জগড়া বাধে। এক পর্যায়ে ওই কিশোর লোহার রড দিয়ে অশোক কুমারকে আঘাত করে।
অশোক কুমারের স্ত্রী মীনা পুলিশকে বলেন, ওই ক্ষুব্ধ কিশোর আমাদের বাড়িতে কুকুরকে আক্রমণ করলে আমার স্বামী কুকুরটিকে উদ্ধার করার চেষ্টা করছিলেন।
পুলিশ জানিয়েছে, হামলার পর অশোক কুমার অজ্ঞান হয়ে পড়েন। এর পর তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গত রবিবার তিনি মারা যান।
প্রতিবেদনে বলা হয়েছে, মীনার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে। অভিযুক্ত কিশোরকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।