ক্রমেই বাড়ছে তালেবান-পাকিস্তান সম্পর্কের ফাটল। মূলত, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিগোষ্ঠীর বাড়াবাড়ি নিয়ে আফগান তালিবানের উপর ক্ষুব্ধ পাকিস্তান। দেশটির মাটিতে অস্থিরতা চালিয়েই যাচ্ছে টিটিপি। কিন্তু ইমরান সরকার অনুরোধ করা সত্ত্বেও সংগঠনটির নিয়ন্ত্রণ নিতে হেলা ফেলা করছে মোল্লা আখুন্দজাদার সংগঠন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই তুলনামূলক সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন জিহাদি সংগঠনগুলো। বিশেষ করে পাকিস্তানে একাধিক হামলা চালিয়েছে, টিটিপি। বারবার আলোচনায় বসেও সংগঠনটিকে অস্ত্র পরিহারে বাধ্য করতে পারেননি দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তালেবানদের কাছে দরবার করেও বিশেষ ফল পায়নি ইসলামাবাদ। মোল্লা আখুন্দজাদার সংগঠন স্পষ্ট জানিয়ে দিয়েছে, টিটিপি সমস্যার সমাধান নিজেই করতে হবে পাকিস্তানকে। আর এতেই বিপদে ইসলামাবাদ। শুধু তাই নয়, ইসলামাবাদে সদ্য সমাপ্ত ইসলামিক দেশগুলির (ওআইসি) বৈঠকে আফগান পররাষ্ট্র এক আমলাকে পাঠিয়েই ক্ষান্ত তালেবান।
এদিকে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সমস্যা নিয়েও ক্ষুব্ধ পাকিস্তান। কয়েকদিন আগেই পাক-আফগান সীমান্তে পাকিস্তানি ফৌজের দেওয়া সীমান্ত উপড়ে ফেলে তাদের গুলি করার হুমকি দেয় তালেবানরা। ডুরান্ড লাইনে ঘটা এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় ইসলামাবাদ। আফগানিস্তানের সঙ্গে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত ভাগ করেছে পাকিস্তান। আর অতীতকাল থেকেই সেই সীমান্ত নিয়ে সংঘাত চলছে কাবুল ও ইসলামাবাদের মধ্যে।
বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতি পেতে মরিয়া তালেবান। একইসঙ্গে বিদেশি অর্থসাহায্য পেতে জঙ্গি কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে সংগঠনটিকে। তাই আপাতত পাকিস্তানের জেহাদি এজেন্ডার সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রাখছে তালেবান। পাশাপাশি, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পাক বিরোধী তালেবান গোষ্ঠী সক্রিয় হয়ে চরম ক্ষুব্ধ ইসলামাবাদ। সবমিলিয়ে দুই পক্ষের মধ্যে সম্পর্ক ক্রমে খারাপ হচ্ছে।