বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দল পুনর্গঠনের অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
অবৈধ সরকার রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে অভিযোগ করে তিনি বলেন, এই সরকারকে মসনদ থেকে সরাতে গেলে নেতাকর্মীদের মধ্যে ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। ফ্যাসিষ্ট শাসকের পতন নিশ্চিত করতে চূড়ান্ত আন্দোলনে বিজয়ী হতে বিভেদ ভুলে ঐক্য গড়ে তুলতে হবে। এ সময় তিনি ওয়ার্ড পর্যায়ে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
উপজেলা বিএনপি সভাপতি সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল রকিব মল্লিকের সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, প্রফেসর মনিরুল হক বাবুল, ইকবাল শরীফ, মেজবাউল আলম, নাজমুস সাকির পিন্টু, আরিফুল ইসলাম, ইবাদুল হক রুবায়েদ, আব্দুল মান্নান মিস্ত্রি, আতাউর রহমান রনু ও গোলাম মোস্তফা তুহিন প্রমুখ।
এর আগে সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে জাতীয়তাবাদী কৃষক দলের বিভাগীয় প্রতিনিধি সভার উদ্বোধনকালে এক বক্তৃতায় আজিজুল বারী হেলাল দেশের কৃষক আন্দোলনকে সরকার পতন আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান।
এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী খুলনা মহানগর বিএনপি আয়োজিত প্রতীকী গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি প্রশাসনকে নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দলকে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পালনে সহায়তা প্রদানের জোর দাবি জানান। বিএনপির এই কর্মসূচি বানচালে পুলিশের বাধা প্রদান, মঞ্চ ভাংচুর ও আসবাবপত্র তছনছের ঘটনার তীব্র নিন্দা জানান হেলাল।