খাদ্য আপচয় রোধে নজরুল বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

খাদ্য অপচয় রোধে সচেতনতা তৈরিতে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ক্যাম্পেইন  করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আওয়াজ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনটির স্পন্সর হিসেবে ছিল ই-কমার্স ওয়েবসাইট আঁরশিলতা।

এসময় স্বেচ্ছাসেবীরা বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় ক্যাফেটেরিয়া, আবাসিক হলগুলোর ডাইনিং, বিভিন্ন খাবার হোটেল এবং ছাত্রদের মেসে খাদ্য অপচয় রোধে সচেতনতামূলক স্টিকার লাগান এবং উপস্থিত সবার সাথে এ ব্যাপারে আলোচনা করেন।

ক্যাম্পেইনটি নিয়ে আওয়াজের অন্যতম সংগঠক তানভীর আহম্মেদ বলেন, পৃথিবীতে ১ বিলিয়নের মতো মানুষ পর্যাপ্ত খাবার পায় না৷ তার অন্যতম প্রধান কারণ- আমাদের যাদের কাছে পর্যাপ্ত খাবার রয়েছে আমরা খাবার অপচয় করি। আমাদের আজকের ক্যাম্পেইনটির উদ্দ্যেশ্য ছিল মানুষকে জানানো যে, খাবার অপচয় একটি বড় সমস্যা। আমাদের উচিত সচেতন হওয়া এবং খবার অপচয় করা থেকে বিরত থাকা।

সংগঠক শাহিন বিন আহান জানান, মানুষ যেন খাবার অপচয় না করে, সেজন্য আমাদের এই ক্যাম্পেইন।  আমরা চাই মানুষ এটা উপলব্ধি করুক যে, খাবারের অভাবে পৃথিবীতে অনেক মানুষ মারা যায়।

উল্লেখ্য, আওয়াজ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটি সেচ্ছায়শ্রমের মাধ্যমে খাদ্য অপচয়, খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে কাজ করে।