পশ্চিমবঙ্গে আগুনে পুড়িয়ে হত্যা: ঘটনাস্থলে মমতা, তৃণমূলের নেতা গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রামপুরহাটের বাগটুই গ্রামে গিয়ে কড়া ব্যবস্হা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার (২৪ মার্চ) তিনি ঘটনাস্হলে গিয়ে বলেন, দোষীদের শাস্তি হবে। ক্ষতিগ্রস্তরা ঘরবাড়ি তৈরি করার জন্য ক্ষতিপূরণ, চাকরিও পাবেন। 

এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সুচিকিত্সা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে পশ্চিমবঙ্গ জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন। আগামী ১০ দিন ধরে এই অভিযান চলবে। পাশাপাশি সব জেলা থেকে রাজনৈতিক অন্তর্কলহের রিপোর্ট চেয়েছেন তিনি।

এদিন দুপুরে মমতা ঘটনাস্হলে দাঁড়িয়ে কর্তব্যে অবহেলা করা পুলিশ কর্মীদের কড়া নিন্দা করেন। পাশাপাশি জেলা পুলিশকে নির্দেশ দেন, বাগটুই গ্রামের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করতে হবে। আমি চাই আনারুল থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করুক। না হলে যেখান থেকে হোক তাকে গ্রেফতার করতে হবে। এর পরই আনারুলকে গ্রেফতার করা হয়। পাশাপাশি মমতা পুলিশকে নির্দেশ দেন, মামলা এমনভাবে সাজাতে হবে, যাতে কোনোভাবেই অভিযুক্তরা ছাড়া না পায়?

মমতা জেলা প্রশাসককে নির্দেশ দেন, যাদের বাড়ি পুড়ে গেছে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে দিতে হবে ঘর বানানোর জন্য। প্রয়োজনে ২ লাখ টাকা দিতে হবে। আহত তিনটি শিশুর জন্য ৫০ হাজার টাকা করে এবং গুরুতর আহতদের এককালীন ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন মমতা।

পাশাপাশি মমতা বলেন, জানি মৃত্যুর বিকল্প আর্থিক ক্ষতিপূরণ বা চাকরি হতে পারে না। তবু প্রতিটি পরিবারের এক জনের জন্য চাকরির ব্যবস্হা করবে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর কোটায় হবে চাকরি। ইন্টারভিউ ছাড়াই প্রথমে মাসিক ১০ হাজার টাকা বেতন পাওয়া যাবে। এক বছরের মধ্যে গ্রুপ ‘ডি’ পদে স্হায়ী চাকরি হবে।