২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যায় শহীদদের স্মরণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার 'সূর্যালোকে বর্ণমালা'র বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করে। এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের সভাপতি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান, সহসভাপতি ও সহযোগী অধ্যাপক ড. এম এম মাহবুব আলম, উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুল ইসলাম, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক তিলোত্তম ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সহ অন্যান্য সংস্কৃতিকর্মীরা।
এসময় সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের পূর্ব পরিকল্পিত ‘অপারেশন সার্চলাইট’ নামক অভিযান চালায়। এতে তারা ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে, চালায় ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা। এই দিনটি স্মরণে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণারও দাবি জানান তারা।