তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয়ের বিষয়ে তুরস্কের অবস্থান বদলায়নি। শুক্রবার ব্রাসেলসে তিনি এই মন্তব্য করেছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তুর্কি প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন এফ-১৬ যুদ্ধবিমান ও সরঞ্জাম কেনার আলোচনা ভালো মতো এগোচ্ছে। ২০২০ সালের ডিসেম্বরে ন্যাটো সদস্য তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। রুশ নির্মিত এস-৪০০ কেনার কারণে এই পদক্ষেপ নেয় ওয়াশিংটন। একই সঙ্গে আঙ্কারাকে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়। এই কর্মসূচিতে তুরস্ক ছিল উৎপাদক ও ক্রেতা। আঙ্কারার দাবি, এই পদক্ষেপ ছিল অন্যায্য।
সম্প্রচারমাধ্যম হাবেরতুর্ক এরদোয়ানকে উদ্ধৃত করে জানিয়েছে, তিনি আশা করছেন নতুন এফ-১৬ যুদ্ধবিমান ও আধুনিকীকরণের সরঞ্জাম কিনতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ফলাফল শিগগিরই পাওয়া যাবে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে তুরস্কের এস-৪০০ ব্যবস্থা ইউক্রেনের মোতায়েনের পরামর্শের কথা উড়িয়ে দিয়েছেন এরদোয়ান। ওয়াশিংটনকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা যা করে তা হলো বিশৃঙ্খলা তৈরি।
এরদোয়ান জানান, ফ্রাঙ্কো-ইতালীয় ইউরোস্যাম কনসোর্টিয়ামের কাছ থেকে এসএএমপি-টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্রয়ের বিষয় বিবেচনা করছে তুরস্ক। এই বিষয়ে ন্যাটো সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে আলোচনা হয়েছে।