বিবিসি
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে বরিস জনসনই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি থেরেসা মের স্থলাভিষিক্ত হয়ে ভালোই করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ব্রেক্সিট নিয়ে নাকানি-চুবানি খাওয়া মে চলতি মাসে দায়িত্ব ছাড়ছেন। তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন— তা ঠিক করতে কয়েক দিনের মধ্যেই কনজারভেটিভ পার্টিতে ভোটাভুটি হবে। চলতি সপ্তাহে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যাওয়ার কথা আছে ট্রাম্পের। তার আগে ব্রিটিশ ট্যাবলয়েড সানকে দেওয়া এক সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট নতুন টোরি নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিসকে পছন্দের কথা জানান। ‘আমার মনে হয়, বরিস অসাধারণ কাজ করবেন,’ ভাষ্য তার। টোরির নেতৃত্ব প্রত্যাশী অনেকেই সমর্থন চেয়েছেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যদিও কারো নাম বলেননি তিনি। ‘আমি যে কাউকেই সাহায্য করতে পারি,’ বলেছেন ট্রাম্প।
টোরি দলের নেতৃত্ব নিতে চাওয়া ব্যক্তিদের তালিকায় স্বরাষ্ট্র মন্ত্রী সাজিদ জাভিদও যুক্ত হয়েছেন। ডেইলি মেইলে লেখা এক নিবন্ধে সাজিদ চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়তে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন।