‘শিবির সন্দেহে’ গ্রেফতার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২ শিক্ষার্থীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৫ মার্চ) ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকার একটি মেস থেকে ওই ১২ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একাধিক নিষিদ্ধ ইসলামী বই, শিবির সংশ্লিষ্ট কাগজপত্র, ল্যাপটপ, মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, শিক্ষার্থীদের আটকের খবর শোনার পর পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। নির্দোষ কোনো শিক্ষার্থীকে হয়রানি না করার অনুরোধ জানানো হয়েছে।