বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে স্বাধীনতার ৫০ বছরেও গণতন্ত্র নির্বাসিত। যে লক্ষ্য এবং আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবেই ধূলিসাৎ হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল ৯ টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠন করার সুবিধা নেই। বাংলাদেশে সম্পূর্ণভাবেই একটি কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়া কারাবরণ করেছে।
এ সময় তার সঙ্গে বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।