যথাযোগ্য মর্যাদায় মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

গতকাল তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত করেন মরহুমের কনিষ্ঠ পুত্র আনোয়ার হোসেন মঞ্জু ও জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম প্রমুখ     —ইত্তেফাক

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো—সাংবাদিকতা জগতের পথিকৃত্ ব্যক্তিত্ব তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মিলাদ মাহফিল, তাঁর মাজারে কুরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল থেকেই আজিমপুর কবরস্থানে মরহুমের মাজারে কুরআনখানির আয়োজন করা হয়। এ সময় মরহুমের পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। সেইসঙ্গে মরহুমের সন্তানদের পক্ষ থেকে আলাদা আলাদা কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজিমপুরে মানিক মিয়ার মাজারে গতকাল সকাল থেকে কুরআনখানি, দোয়া ও মোনাজাত করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তফাজ্জল হোসেন মানিক মিয়ার কনিষ্ঠপুত্র সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলামসহ দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ, জাতীয় পার্টি-জেপির নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। মোনাজাত শেষে দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়। এর আগে সকাল থেকেই মরহুমের মাজারে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় পার্টি-জেপির নেতৃবৃন্দ সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে। জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে সকালে মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, সহ সাধারণ সম্পাদক এনামুল ইসলাম রুবেল, মাহফুজ আলম, নুরল ইসলাম মিয়া, জীবন কৃষ্ণ বৈরাগী, জেড সেলিম প্রমুখ।

দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের প্রধান ও সিটি এডিটর আবুল খায়ের, উপ-ইউনিট প্রধান মোহাম্মদ শাহযাদা, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর, প্রেস ফেডারেশনের সভাপতি মো. আলমগীর হোসেন খান, সহ সম্পাদক মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মৃধা, মানিক মিয়া রিসার্চ একাডেমির সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক আখতার ইউসুফ, সৌরভ জাহাঙ্গীর প্রমুখ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান। এদিকে, কাওরান বাজারে দৈনিক ইত্তেফাক কার্যালয়ের বার্তা বিভাগে ইফতারের আগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া জাতীয় পার্টি- জেপি তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালমাটিয়ায় দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে।

মরহুম মানিক মিয়া স্মরণে গতকাল রামকৃষ্ণ মিশন রোডে মানিক মিয়া ফাউন্ডেশন কার্যালয়ে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার মইনুল হোসেন। মরহুমের কনিষ্ঠ পুত্র সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ধানমন্ডির বাসভবনে ও কুরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া, মরহুমের জ্যেষ্ঠ কন্যা মরহুমা আক্তারুন্নাহার বেবীর বাসভবনে বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।