ইত্তেফাক রিপোর্ট
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আল-আকসা মসজিদকে ইসরাইলি দখলদার মুক্ত করা বিশ্বের সকল মানুষের বিশেষ করে মুসলমানদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিশিষ্টজন। আন্তর্জাতিক আল-কুদ্স দিবস উপলক্ষে গত শুক্রবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ মন্তব্য করেন।
আল-কুদ্স কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে ‘আল-কুদ্স মুক্তির অন্বেষায়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও আল-কুদ্স কমিটি বাংলাদেশ-এর সভাপতি প্রফেসর ড. শাহ কাউছার মুস্তফা আবুলউলায়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মুহাম্মাদ রেজা নাফার, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান ও সিটি ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. বোরহান উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, ইস্টার্ন প্লাস জামে মসজিদের খতিব মওলানা মুহাম্মদ রুহুল আমীন এবং বিশিষ্ট চিন্তাবিদ আবদুল্লাহ আল ক্বাফি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক জামাল উদ্দিন বারী। স্বাগত বক্তব্য রাখেন আল-কুদ্স কমিটি বাংলাদেশ-এর সহ-সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ কে এম বদরুদ্দোজা।