হাবিপ্রবির স্থাপত্যে বিভাগে 'বিহঙ্গ বন্দনা' শীর্ষক প্রদর্শনী

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্থাপত্য বিভাগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্থাপত্যশৈলী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। স্বাধীনতার গানের সাথে সঙ্গতি রেখে এবারের স্থাপত্য প্রদর্শনীর নামকরণ 'বিহঙ্গ বন্দনা' রাখা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু তোয়াব মো. শাহরিয়ার।

তিনি বলেন, 'এবারের প্রদর্শনীতে আমরা হাবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন সমস্যাগুলোকে চিহ্নিত করে কিভাবে সমাধান করা যায় তার বিভিন্ন উপায় দেখিয়েছি। এছাড়াও দিনাজপুরের সাঁওতাল পল্লীর মানুষের জীবনযাত্রা কিভাবে আরো যুগোপযোগী করা যায় সে ব্যাপারে বিভিন্ন বিষয়াদি এবারের প্রদর্শনীতে স্থান পেয়েছে। স্থ্যপত্য বিভাগের শিক্ষার্থীরা দিনরাত নিরলসভাবে কাজ করেছে বলেই আমরা এতো সুন্দর একটি প্রদর্শনীর আয়োজন করতে পেরেছি।'

শনিবার (২৬ মার্চ) সকালে এ প্রদর্শনী শুরু হয়।

স্থাপত্য বিভাগের শিক্ষার্থী শিরাজুম মুনিরা পিউ জানান, গত ৭ দিন আগে থেকেই আমরা এই প্রদর্শনীর জন্য টিএসসির নিচতলায় কাজ শুরু করি। মূলত আমরা এই প্রদর্শনীতে তুলে এনেছি গ্রন্থাগার ডিজাইন, পর্যটন কেন্দ্র, মেটাল ও মাটির ভাস্কর্য, বহুতল ভবন, আবাসিক বাসবভন, এটেলিয়ার, স্কেচ ও ব্রাঞ্চ আর্ট, কালার হুইল, ডুডল আর্ট, পিক্সেল আর্ট, সাঁওতাল বসতি পরিকল্পনা, বিভিন্ন রকমের কম্পোজিশন, স্কেচ, ফ্রাগমেন্টেশন, বেস রিলিফ, ইন্সটলেশন, এটেলিয়ার, স্কাল্পচার, হাইরাইজ, ব্রাঞ্চ আর্ট, হাবিপ্রবির ক্যাম্পাস নিয়ে পুনর্ভাবনা প্রভৃতি।

প্রদর্শনীটিতে সারা বিশ্বের বিখ্যাত কিছু স্থাপনার পাশাপাশি স্থাপত্য বিভাগীয় মনোমুগ্ধকর ও যুগোপযোগী সৃষ্টিকর্মগুলো প্রদর্শন করা হয়েছে। এর সাথে সুন্দর সুন্দর মডেল (স্থাপনা), বিখ্যাত ব্যক্তিদের মুখাবয়বের পিক্সেলেটেড ছবি, ফটোগ্রাফি, রংয়ের বিভিন্ন কর্মযজ্ঞ, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক কম্পোজিশন, লাইন ও প্লেন এর কম্পোজিশন, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি নানা আকৃতির ব্যবহারে নান্দনিক শিল্পকর্ম দিয়ে প্রদর্শনীটিকে সাজানো হয়েছে।

দুইদিনব্যাপী এই প্রদর্শনীটি রবিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টায় শেষ হবে।