ভোলার লালমোহনে জলাশয় থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে জেলেরা।
রবিবার (২৭ মার্চ) বিকেলে লালমোহন পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মৃত চান মিয়া মেম্বার বাড়ি সংলগ্ন একটি জলাশয় থেকে এই খুলি ও হাড় উদ্ধার করা হয়।
স্থানীয় জেলে মো. সেলিম জানান, বিকেল ৩টার দিকে আমরা ওই জলাশয়ে মাছ ধরার জন্য কচুরিপানা পরিষ্কার করছিলাম। এক পর্যায়ে কচুরিপানার মধ্যে মাথার খুলি ও হাড় পাই। পরে বিষয়টি আমরা কাউন্সিলর ও পুলিশকে জানাই।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল কবীর জানান, গত প্রায় ৭-৮ মাস আগে ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মো. রাসেদের ১১ বছরের ছেলে রায়হান নিখোঁজ হয়। এটা তার মাথার খুলি কিনা, তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে স্থানীয় মহলে।