ফখরুলের বক্তব্য ‘পাগলের প্রলাপ’ : কাদের

‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই ইতিহাস বিকৃতি করেছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তার এ অভিযোগ চরম অসত্য, ভিত্তিহীন ও পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।’

সোমবার (২৮ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে একথা বলেন। 

তিনি বলেন, ‘এদেশের ইতিহাস বিকৃতির জনক হচ্ছে বিএনপি। তারাই ইতিহাসের ফুটনোট জিয়াউর রহমানকে ইতিহাসের নায়ক বানানোর ব্যর্থ চেষ্টা করেছ।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ কখনো ইতিহাস বিকৃতি করে না বরং প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরে বলেই বিএনপির গাত্রদাহের কারণ হয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘ইতিহাস বিকৃতির ঘৃণ্য চর্চা বিএনপি আবারও শুরু করেছে। বিএনপি নেতারা তাদের চেয়ারপারসন বেগম জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং দণ্ডপ্রাপ্ত, পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বানানোর মতো ঘৃণ্য অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। বিএনপির হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইতিহাস কিছুই নিরাপদ নয়।’

তিনি বলেন, ‘বর্তমান প্রজন্ম প্রকৃত ইতিহাস আজ জানতে পারছে, যারা ইতিহাসের পায়ে শিকল পরিয়েছিল, আজ তাদের স্বরূপ উন্মোচিত হচ্ছে। তাইতো বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে, শুরু করেছে পুরোনো খেলা। কিন্তু জনগণ এখন সজাগ।’

‘আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে’ - মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সময় শেষ হয়ে আসেনি, সময় শেষ হয়ে এসেছে বিএনপির অপরাজনীতির। জনগণের আস্থায় এখন আর বিএনপি নেই। হাঁটুভাঙা, পরাশ্রয়ী বিএনপি এ দেশের জন্য ভালো কিছু করতে পারবে— জনগণ এখন আর তাতে বিশ্বাস করে না ।’

স্বাধীনতার ৫০ বছরে আমরা কি পেলাম? স্বাধীনতা বিরোধী অপশক্তির সুরে সুর মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন পরাধীনতার শৃঙ্খল মুক্তির অর্ধশতক পর যারা বলেন স্বাধীনতার ৫০ বছরে কি পেলাম, - প্রকৃতপক্ষে তারাই স্বাধীনতাকে হৃদয়ে ধারণ করেনা,চেতনায় ধারণ করে না, সে প্রশ্নই এখন চলে আসে? 

ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে আবারও বলেন, যারা এদেশে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলো তারা যখন বলেন স্বাধীনতার ৫০ বছরে কি পেলাম তখন আসলে এটাই প্রতীয়মান হয় তারা এদেশের মানুষের কল্যাণে কিছুই করেনি, তাই তারা দেশের কোনো ভালো অর্জন দেখতে পায় না।