ওআইসি সম্মেলনে যাননি এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল শনিবার সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আয়োজিত ৫৭ সদস্যবিশিষ্ট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) শীর্ষ সম্মেলনে অনুপস্থিত ছিলেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু সম্মেলনে দেশটির প্রতিনিধিত্ব করেন। গত বছরের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির নির্মম হত্যাকান্ডের পর দুই দেশের মধ্যে সম্পর্কের বেশ অবনতি হয়। এই সম্মেলনে অংশ নিলে ওই ঘটনার পর এটাই হতো এরদোয়ানের প্রথম সৌদি সফর। খাশোগি হত্যাকান্ড সম্পর্কে এরদোয়ান দাবি করেছিলেন, সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে খাশোগিকে হত্যার নির্দেশ দেয়া হয়েছিল বলে তাদের কাছে জোরালে তথ্য-প্রমাণ আছে। অন্যদিকে সৌদি আরব তার এই দাবি জোরালোভাবে অস্বীকার করলে। তখন থেকেই মূলত দুই দেশের কূটনৈতিক দ্বন্দ্ব বড় আকার ধারণ করে।

চলতি সপ্তাহে ওআইসি’র সম্মেলনটি সৌদি আরব আয়োজিত তৃতীয় সম্মেলন। আরব ও ইসলামিক দেশগুলোর কাছে তুরস্কের ঘনিষ্ঠ মিত্র ও সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে সমর্থন আদায়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়।