রাশিয়ার অন্তভু‌র্ক্ত হতে লুহানস্ক গণভোট করতে পারে

রাশিয়ার অন্তভু‌র্ক্ত হতে গণভোট আয়োজন করা হতে পারে বলে জানিয়েছে ইউক্রেনের রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লুহানস্ক। রবিবার স্বঘোষিত লুহানস্ক প্রজাতন্ত্রের প্রধান লিওনিদ পাসেচনিক বলেন, ‘আমি মনে করি, অচিরেই এই প্রজাতন্ত্রে একটি গণভোট অনুষ্ঠান করা হবে। তাতে রাশিয়া ফেডারেশনে অন্তভু‌র্ক্ত হওয়ার বিষয়ে লুহানস্কের মানুষ চূড়ান্ত সাংবিধানিক অধিকার প্রয়োগ করে তাদের মতপ্রকাশ করবেন।’

গত ২৪ ফেব্র‚য়ারি ইউক্রেনে অভিযান শুরুর আগেই দেশটিতে রাশিয়াপম্হি বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেত্স্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া। যদিও বাদবাকি বিশ্ব এই দুই অঞ্চলকে ইউক্রেনের অংশ বলেই মানে। ইউক্রেন বারবারই বলে আসছে, তারা রাশিয়ার কাছে তাদের কোনো ভূখণ্ডের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে কখনো রাজি হবে না। তাই লুহানস্কে প্রস্তাবিত গণভোটের ঘোষণার নিন্দা জানিয়ে ইউক্রেন বলেছে, অধিকৃত ইউক্রেন ভূখণ্ডে এমন গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। 

তাছাড়া এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্র্রদায়ের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে এবং রাশিয়া বিশ্ব থেকে আরো বেশি বিচ্ছিন্ন হবে।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রামিয়া উপদ্বীপ দখল করে। রাশিয়ার যোগ দিতে সে সময় ক্রাইমিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়েছিল। বেশির ভাগ মানুষ রাশিয়া ফেডারেশনে অন্তভু‌র্ক্ত হওয়ার পক্ষে মত দেয়। ইউক্রেন তখনো এই গণভোটকে অবৈধ বলেছিল এবং ক্রাইমিয়াকে তাদের অংশ বলে দাবি করেছিল।

রাশিয়ার ক্রাইমিয়া দখলের পর পশ্চিমারা মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে মস্কো বলে আসছে, ক্রাইমিয়ার বেশির ভাগ মানুষই রাশিয়া ফেডারেশনে যোগ দিতে চেয়েছে।