হেরে গেল শ্রীলঙ্কাও

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২৯.২ ওভারে ১৩৬ (দিমুথ ৫২*; হেনরি ৩/২৯ ও ফার্গুসন ৩/২২)

নিউজিল্যান্ড: ১৬.১ ওভারে ১৩৭/০ (গাপটিল ৭৩*, মুনরো ৫৮*)

ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানের পর উপমহাদেশের আরেক দল শ্রীলঙ্কাও বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় বাজেভাবে হারলো। নিউজিল্যান্ড গতকাল শনিবার তাদের ১০ উইকেটে হারায়।

গত বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড দুর্দান্ত বোলিং করলে ভঙ্গুর শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপ ২৯.২ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায়। জবাবে ১৬.১ ওভারে কোন উইকেট না হারিয়ে মার্টিন গাপটিল (অপরাজিত ৭৩) ও কলিন মুনরো (অপরাজিত ৫৮) দেখেশুনে খেলে দলকে জয়ের বন্দরে পৌছে দেন।

নিউজিল্যান্ড ফাস্ট বোলার ম্যাট হেনরি ও লকি ফার্গুসন তিনটি করে উইকেটের দখল নিলে নাভিশ্বাঃস ওঠে লঙ্কান দলের। অধিনায়ক দিমুথ করুনারত্নে ছাড়া আর  কেউই ব্যাট হাতে নিউজিল্যান্ড বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারেননি। চার বছর পর আবার ওয়ানডে খেলতে আসা দিমুথ ৫২ রানে অপরাজিত ছিলেন।

কার্ডিফের মাঠে কেন উইলিয়ামসনের দল টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল। বোলিং ছাড়াও ফিল্ডিংয়েও নজরকাড়া নৈপুণ্য দেখায় তার দল। শ্রীলঙ্কা যেভাবে হারলো তা থেকে বোদ্ধাদের ধারণা ইংল্যান্ড ও ওয়েলশে শুরু হওয়া এবারের বিশ্বকাপে দ্বীপদেশটি দুর্দশায় পড়তে পারে। এখন তাদের পরবর্তী খেলা আফগানিস্তানের বিরুদ্ধে।

হারের পর অধিনায়ক দিমুথ বলেন,‘এই ধরণের কন্ডিশনে ১৩৬ রান কখনোই যথেষ্ঠ নয়। আমি ও থিসারা ভাল ব্যাট করেছি। কিন্তু আমাদের দরকার ছিল পার্টনারশিপ। দু:খজনক যে আমি টসে হেরে গেছি। সকালটা ছিল সিম ও সুইং বোলিংয়ের অনুকুল। কাজেই তারা সুবিধাজনক অবস্থায় ছিল।’

লঙ্কান অধিনায়ক আরো বলেন,‘তাদের সুযোগ কাজে লাগানোর মতো বোলারও ছিল। সবাই উপভোগ্য ক্রিকেট দেখতেই আসছে। কাজেই আমরা পরবর্তীতে ভাল ব্যাটিং উইকেট পাবো বলে আশা করি। আমি নিশ্চিত না ব্যাটসম্যানদের আত্নবিশ্বাসে ঘাটতি আছে কিনা। তারা তো অনুশীলনে ভাল ব্যাটিং করেছে, কঠোর পরিশ্রমও করেছে। এখন আমাদের খেলাটা ও মানসিকতা নিয়ে ভাবা দরকার।’

ব্ল্যাক ক্যাপদের এবার কেউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো ফেবারিট ভাবছে না। কিন্তু গতকাল উইলিয়ামসনের দল যেভাবে খেললো তাতে ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা খোয়ানো দলটি তাদের অভিপ্রায়ের জানান দিল মাঠের এ নৈপুণ্যে।

ম্যাট হেনরি ২৯ রান দিয়ে তিন উইকেট দখলের জন্য ম্যান অব দ্য ম্যাচ হন। মুলত তার এ নৈপুণ্যে শ্রীলঙ্কার টপ অর্ডার গতকাল ছত্রখান হয়ে যায়।