পদ্মায় নিখোঁজ সন্তান খুঁজতে গিয়ে দুই মায়ের মৃত্যু

পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হওয়ার পর তাদের খুঁজতে গিয়ে দুই মা পানিতে ডুবে মারা গেছেন। এরা হলেন গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া নতুন পাড়ার সুজাত শেখের স্ত্রী রেবেকা খাতুন (২২) ও চাদু মণ্ডলের স্ত্রী স্বপ্না বেগম (৩২)।

জানা যায়, শুক্রবার বিকালে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় স্থানীয় কয়েকজন শিশু নদীতে গোসল করার সময় হঠাত্ নিরব ও লামিয়া নামে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় শিশু নিরবের মা রেবেকা খাতুন নদীতে ঝাঁপ দিয়ে শিশু দুটিকে উদ্ধার করে স্বপ্না বেগমের কাছে দেয়। কিন্তু রেবেকা নিজে ক্লান্ত হয়ে নদীর স্রোতে ভেসে যায়। এসময় রেবেকা খাতুনকে উদ্ধার করতে গিয়ে স্বপ্না বেগম নদীতে ঝাঁপ দিলে তিনিও ডুবে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বপ্নাকে উদ্ধার করতে পারলেও রেবেকার কোনো সন্ধান পায়নি। পানি থেকে উদ্ধার করে স্বপ্নাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিস রাত ৮টা  পর্যন্ত গৃহবধূ রেবেকার কোনো সন্ধান না পেয়ে আবহাওয়া অনুকূলে না থাকায় উদ্ধারকাজ সমাপ্ত করে। পর দিন গতকাল শনিবার সকালে রেবেকা খাতুনের লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে।