প্রিন্স ফিলিপের স্মরণসভায় যোগ দিলেন রানি

গত পাঁচ মাসের মধ্যে গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। গতকাল তিনি প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের স্মরণসভায় যোগ দেন। এই অনুষ্ঠানে ব্রিটিশ রাজপরিবারের অন্য সদস্যরাও ছিলেন। গত বছরের এপ্রিলে মারা যান প্রিন্স ফিলিপ।

বিবিসির খবরে বলা হয়েছে, গত সাত দশকের বেশি সময় ধরে স্ত্রী রানি এলিজাবেথের সহচর হিসেবে রাজপরিবারের জন্য কাজ করে গেছেন প্রিন্স ফিলিপ। গত বছর প্রিন্স ফিলিপের শেষকৃতানুষ্ঠানে মাত্র ৩০ জন উপস্হিত ছিলেন। কিন্তু গতকাল লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে আয়োজিত অনুষ্ঠানটি ছিল বড়। প্রধানমন্ত্রী বরিস জনসন সহ, রাজনীতিক, সামরিক কর্মকর্তা ও নেতৃবৃন্দসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের ৫০০-র বেশি প্রতিনিধি যোগ দেন। এই অনুষ্ঠানে যোগ দেন ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রু।

যুক্তরাষ্ট্রে যৌন হয়রানির মামলা রফাদফার পর তিনি এই প্রথম জনসমক্ষে রাজপরিবারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তবে এই অনুষ্ঠানে ছিলেন না রাজ পরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো প্রিন্স হ্যারি ও তার স্ত্রী।