বাস থেকে ছুড়ে ফেলা লাগেজে মিলল খণ্ডিত লাশ

চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় লাগেজ ভর্তি এক অজ্ঞাতনামা শিশুর ১০ টুকরা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের শান্তিরহাট এলাকায় এই লাশ উদ্ধার করা হয়। লাগেজে ওই শিশুর টুকরা লাশ দেখতে পেলে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। বেলা সাড়ে ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) জসিম উদ্দিন খাঁন ও পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ঘটনাস্থলে ছুটে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী একটি চেয়ারকোচ থেকে লাগেজ রাস্তার পাশে খালে ফেলে দেয়া হয়। গাড়ি থেকে লাগেজ ফেলে দেওয়ার দৃশ্য  দেখে স্থানীয় এক বৃদ্ধ চিত্কার করতে থাকেন। পরে আশপাশের লোকজন ও বিভিন্ন পরিবহনের গাড়ি চালক ও শ্রমিকরা জড়ো হয়ে লাগেজটি দেখলে সেখানে পলিথিন মোড়ানো শিশুর টুকরো লাশ দেখতে পান। খবর পেয়ে পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। তবে লাশ কারা ফেলে গেছে তা এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী একটি চেয়ারকোচ থেকে লাগেজ ভর্তি লাশ রাস্তার পাশে ফেলে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।