শ্যামনগরে করোনার টিকা নিতে গিয়ে নারীর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে গিয়ে দোতলার রেলিং থেকে পড়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার হরিনগর বনশ্রী বিদ্যানিকেতনে (মাধ্যমিক বিদ্যালয়) এ ঘটনা ঘটে।

নিহতের নাম আঞ্জুয়ারা খাতুন ওরফে আঞ্জু (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত আবুজার মোড়লের মেয়ে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক লক্ষ্মী রানী মণ্ডল জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে পাঁচ তলাবিশিষ্ট হরিনগর বনশ্রী বিদ্যানিকেতনের দ্বিতীয় তলায় মুন্সীগঞ্জ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জনসাধারণের জন্য করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ও গণটিকা কার্যক্রম শুরু করা হয়। টিকা প্রদান কার্যক্রম চলাকালে চায়না খাতুন তার বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে আঞ্জুয়ারা খাতুনকে দ্বিতীয় তলায় রেলিংয়ের পাশে বেঞ্চে বসিয়ে রাখেন। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই আঞ্জুয়ারা রেলিং টপকে নিচে পড়ে যায়।

চায়না খাতুন জানান, টিকা নিতে এসে তার মেয়ে বেঞ্চ থেকে উঠে রেলিংয়ের ওপর ওঠার চেষ্টা করলে হঠাৎ নিচে পড়ে মারা যায়।

হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, আঞ্জুয়ারাকে মারাত্মক জখম অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, কেন্দ্রে কারো গাফিলতি থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।