রিয়াজুলের পেটে ছিল ১১৭০ পিস ইয়াবা!

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১৭০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রিয়াজুল মিয়া (২৯) পেটের ভেতর ইয়াবা লুকিয়ে কক্সবাজার থেকে আকাশপথে ঢাকায় আসছিলেন। রিয়াজুল কক্সবাজারের একটি হোটেলের কর্মচারী। এই পেশার আড়ালে তিনি মাদক পাচার করে থাকেন বলে জানা গেছে।

এপিবিএন সূত্র জানায়, রিয়াজুল মিয়া শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসে। গোপন তথ্যের ভিত্তিতে তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করা হয়।  তার শরীর তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। তখন তার পেটের এক্স-রে করা হয়। এক্স-রে রিপোর্টে রিয়াজুলের পাকস্থলিতে কয়েকটি প্যাকেটের মতো দেখতে বস্তুর উপস্থিতি ধরা পড়ে। তারপর শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা অপেক্ষা ও চেষ্টার পর রিয়াজুলের পেট থেকে ১ হাজার ১৭০টি ইয়াবা বের করা হয়।

জানা গেছে, তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরের গুলড়া গ্রামে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।