রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে চারটি পাটের গুদাম আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বুধবার (৩০ মার্চ) সকালে সোয়া ৭টার দিকে খানখানাপুর পাট বাজারে এ ঘটনা ঘটে।
খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মামুনুর রহমান মামুন বলেন, খানখানাপুর বাজার ঐতিহ্যবাহী পাট ক্রয়-বিক্রয়ের কেন্দ্র হিসেবে পরিচিত। দুলাল কুণ্ডু, বাবু শেখ, সোহেল, সিদ্দিক, আশিস, মনজিৎসহ একাধিক পাট ব্যবসায়ী পাট ক্রয় করে গুদামে মজুদ করেছিলেন। এছাড়া একটি গুদামে তেল বীজ, শস্য বীজ সহ বিভিন্ন ফসল মজুদ ছিল। বুধবার সকালে পাট গুদামের পেছন দিক থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়।
তিনি আরও জানান, ভয়াবহ এ আগুনে ৪টি গুদামে রক্ষিত প্রায় সাড়ে ৪ হাজার মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার(ভারপ্রাপ্ত) মো. বিল্লাল হোসেন খলিফা জানান, খানখানাপুর পাট বাজারে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাজবাড়ী, গোয়ালন্দ, কালুখালী ও ফরিদপুর দল প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখন তা জানা সম্ভব হয়নি। সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।