কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদের আগেই মুক্তি দেয়ার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যে উদ্দেশ্যে জেলে রেখেছিলেন তা তো করেই ফেলেছেন। আর তো জেলে রাখার দরকার নেই। দেশের জনপ্রিয় নেত্রীকে বন্দী রেখে ভোট ছাড়াই তো ক্ষমতা দখল করেছেন। মানবিক কারণে এখন ঈদের আগেই বেগম জিয়াকে মুক্তি দিন। তা না হলে জনগণের বিক্ষোভের মুখে এক মুহূর্তও টিকতে পারবেন না। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয় দলের আয়োজনে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে “বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদ” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সংগঠনের চেয়ারম্যান অ্যাড. সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।