দুর্নীতির ঊর্ধ্বে থেকে সবাইকে সমানভাবে দেখতে হবে: দুদক কমিশনার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমাদের সকলকে সমানভাবে দেখতে হবে। বুধবার (৩০ মার্চ) দুর্নীতি দমন কমিশন, মাদারীপুর এর সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি করলে কেউই পার পাবে না, এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। দুর্নীতি মুক্ত উন্নয়ন কাজ হলে দেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাবে এবং উন্নয়ন কাজ আরও তরাণ্মিত হবে। অনেকে নিজেকে সর্বেসর্বা মনে করে থাকেন, এটা কখনই হওয়া উচিত নয়। দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমাদের সকলকে সমানভাবে দেখতে হবে।

সমন্বিত সরকারি অফিস ভবন এর সম্মিলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

মাদারীপুর ও শরীয়তপুর জেলা নিয়ে নব প্রতিষ্ঠিত সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. আক্তার হোসেন , মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজানুর রহমান, মহাপরিচালক (প্রতিরোধ ও প্রশিক্ষণ) এ. কে. এম সোহেল , শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।