নিজেদের স্বার্থ বাদ দিয়ে-দেশের স্বার্থে আত্ম-নিয়োগের আহ্বান জানিয়েছেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।
শনিবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য কালে উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ'লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি ও সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, জেলা আ'লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেরউদ্দিন, যুগ্ম-সম্পাদক বদরুল ইসলাম খান বাবলু, উপদেষ্টামন্ডলীর সদস্য সার্জন (অব:) নরুল হক, মো: আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, আমিরুল ইসলাম মট্টু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল কুদ্দুসসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই ক্রিকেটার আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার আদলে দেশ আজ আন্তর্জাতিকভাবে সম্ভাবনার দাড়প্রান্তে এসে দাড়িয়েছে। এ সম্মৃদ্ধি ধরে রাখতে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি সাংগঠনিক কাঠামোকে মজবুত করতে তৃণমূল পর্যায়ে সকলকে সচেষ্ট ভূমিকা রাখতে নেতাকর্মীদের পরামর্শ দেন। ইফতার ও দোয়া মাহফিলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সপরিবারে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা, দেশের কল্যাণ এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইত্তেফাক/আরকেজি