মিশরের বিদায়ে আলোচনায় লেজার লাইট

মঙ্গলবার (২৯ মার্চ) রাতে সেনেগালের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপ স্বপ্ন বিসর্জন দিয়েছে মিশর। তবে ফল ছাপিয়ে ম্যাচ শেষে আলোচনায় লেজার লাইট! এই ম্যাচে সেনেগাল সমর্থক পুরোটা সময় জুড়ে মিশরের খেলোয়াড়দের বিরক্ত করেছে তাদের চোখে-মুখে লেজার লাইট মেরে। এমনকি পেনাল্টি শুটআউটের মতো গুরুত্বপূর্ণ সময়েও মিশরের খেলোয়াড়রা ভালো করে চোখ খুলে শুট নিতে পারেননি! গোলরক্ষকেরও অবস্থা হয়েছে একই। 

অবশ্য প্রতিপক্ষকে ঘায়েলের এই কৌশল সেনেগালের বিপক্ষে প্রথম দেখায় ঘরের মাঠ কায়রোতেই করেছিল মিশরের ভক্ত-সমর্থকরা। সেই ম্যাচটি মিশর জিতেছিল ১-০ গোলে। ফলে মঙ্গলবার ডাকারে আসা সেনেগালিজ ভক্তরাও করলেন একই কাজ। তাতে কপাল পুড়ল মিশরের। অবশ্য শুধু লেজার মেরেই ক্ষান্ত হয়নি সেনেগালের সমর্থকরা, ম্যাচ শেষে সালাহর দিকে উদ্দেশ্য করে পানির বোতল, ক্যানও ছুড়ে মেরেছে। পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় সালাহকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়।

গুরুত্বপূর্ণ ম্যাচে সালাহ এদিন যখন পেনাল্টি নিতে এলেন, সবুজ রঙের একাধিক লেজারের আনাগোনায় তার চোখমুখ দেখে মনে হচ্ছিল কোনো নৈশক্লাবে খেলতে এসেছেন তিনি! শুধু সালাহই নন, মিশরের জিজো আর মোস্তফা মোহাম্মদও মিস করেছেন পেনাল্টি। প্রত্যেকের চোখেমুখেই একইভাবে লেজার মেরেছে সেনেগাল সমর্থকরা। ফলে সেনেগালিজ অধিনায়ক কালিদু কুলিবালি ও সালিউ সিস শুরুতে দুটি পেনাল্টি মিস করলেও সমস্যা হয়নি সেনেগালের। আহমাদু বাম্বা ও ইসমাইলা সারের পর সাদিও মানে গোল করে নিশ্চিত করেন কাতার বিশ্বকাপে দেশের অংশগ্রহণ।

মাস দুয়েক আগে এই সেনেগালের কাছে হেরেই আফ্রিকার চ্যাম্পিয়ন হতে পারেনি মিশর। এই পেনাল্টি শুটআউটেই হেরেছিল সালাহরা। এবার একই দলের কাছে একই রকমের হারে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া মিশরীয়রা এই দুঃখ ভুলবে কীভাবে?