গ্রাহক সেবার মান উন্নত করতে মোবাইল অপারেটরদের জন্য তরঙ্গ (স্পেকট্রাম) নিলাম চলছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই নিলাম শুরু হয়।
বিটিআরসির অয়োজনে এই নিলামে টেলিটক, গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক অংশ নিচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
প্রথম দফায় ১ হাজার ৬৮০ কোটি টাকা দিয়ে ২৩০০ ব্যান্ডে ৩০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে টেলিটক। দ্বিতীয় দফায় ৩ হাজার ৩৬০ কোটি টাকা দিয়ে ২৬০০ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে রবি। তৃতীয় দফায় গ্রামীনফোন ৩ হাজার ৩৬০ কোটি টাকা দিয়ে ২৬০০ ব্রান্ডের ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে। চতুর্থ দফায় ২ হাজার ২২০ কোটি টাকা দিয়ে ২৩০০ ব্রান্ডের ৪০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে বাংলালিংক।
এই নিলামে ২ দশমিক ৩ গিগাহার্জ এবং ২ দশমিক ৬ গিগাহার্জ ব্যান্ডের তরঙ্গের নিলাম হচ্ছে। তরঙ্গ নিলামে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন বিভাগের কমিশনার প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ জুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে সভাপতিত্ব করছেন।
নিলাম পরিচালনা করছেন বিটিআরসির সিস্টেম এন্ড সার্ভিসেস বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুজ্জামান জুয়েল, পরিচালক ড. মো. সোহেল রানা ও লে. কর্নেল মো. আউয়াল উদ্দিন জুরি বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন।
বিটিআরসি বলছে, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী, অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য ও কারিগরিভাবে বাস্তবসম্মত উপায়ে বাংলাদেশে ৫-জি সেবা চালুর জন্য ২ দশমিক ৩ গিগাহার্জ, ২ দশমিক ৬ গিগাহার্জ ও ৩ দশমিক ৫ গিগাহার্জ ব্যান্ড (তিনটি) নির্ধারণ করা হয়েছে।
গ্রাহক সেবার মান উন্নত করার বিষয়টি বিবেচনার পাশাপাশি মোবাইল অপারেটরদের তরঙ্গ চাহিদা, বাজার পরিস্থিতি ও বৈশ্বিক অবস্থা এবং সর্বোপরি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কমিশন হতে গত ৩ মার্চ ‘ইন্সট্রাকশন ফর রেডিও ফ্রিকুয়েন্সি অকশন-২০২২’ নির্দেশিকা জারি করে। এতে তরঙ্গ ব্যান্ডের ভিত্তি মূল্য, মেয়াদ, পরিশোধ পদ্ধতি, নিলাম সংশ্লিষ্ট অন্যান্য চার্জসহ তরঙ্গ নিলামে অংশগ্রহণ করতে ইচ্ছুক মোবাইল অপারেটরদের জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনা সন্নিবেশিত করা হয়।
সরকারের পূর্বানুমতি গ্রহণ সাপেক্ষে ২ দশমিক ৩ গিগাহার্জ ও ২ দশমিক ৬ গিগাহার্জ ব্যান্ড তরঙ্গ ১৫ বছরের জন্য প্রতি মেগাহার্টজ এর ভিত্তি মূল্য ৬ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।
বর্তমানে গ্রামীনফোনের কাছে মোট এক্সেস তরঙ্গ রয়েছে ৪৭ দশমিক ৪০ মেগাহার্জ, রবির মোট এক্সেস তরঙ্গ ৪৪ মেগাহার্জ, বাংলালিংকের মোট এক্সেস তরঙ্গ ৪০ মেগাহার্জ এবং টেলিটকের মোট এক্সেস তরঙ্গ ২৫ দশমিক ২০ মেগাহার্জ।
বিটিআরসি আশা করছে, এই তরঙ্গ নিলামের মাধ্যমে সরকারের উল্লেখযোগ্য আয়ের পাশাপাশি বিদ্যমান মোবাইল ৪জি সেবা সম্প্রসারণ ও এর মানোন্নয়ন এবং বাংলাদেশে মোবাইল ৫জি সেবা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।