ম্যাডিসন স্কয়ারে এক মঞ্চে স্করপিয়নস-চিরকুট

‘স্করপিয়নস’ জার্মানির হানোফার শহরের একটি হেভি মেটাল ও রক সঙ্গীত ব্যান্ড। বলা হয়ে থাকে এটি পৃথিবীর অন্যতম সেরা ব্যান্ড। আর এদেশের অনেক গানের দলের কাছেই তারা আদর্শ। সেই স্করপিয়নসের সঙ্গে একই মঞ্চে গাইবে বাংলাদেশের ‘চিরকুট’।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ৬ মে এই কনসার্টের আয়োজন করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ। শিরোনাম- ‘দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। এই মঞ্চে গাইবে ‘স্করপিয়নস’-‘চিরকুট’। খবরটি জানা গেল ‘স্করপিয়নস’-এর অফিসিয়াল ফেসবুক পেজে।

সেখানে বলা হয়েছে, “ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে ঐতিহাসিক কনসার্টের জন্য আমরা প্রস্তুত। আগামী ৬ মে অনুষ্ঠিত হবে ‘দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। এখানে বিশেষ অতিথি হিসেবে থাকবে বাংলাদেশের বিশিষ্ট ব্যান্ড ‘চিরকুট।”

ওই পোস্টে আরও জানানো হয়, ৪ এপ্রিল সকাল ১০টা থেকে টিকেটমাস্টার ডটকম-এ এই কনসার্টের টিকিট কিনতে পাওয়া যাবে। তবে স্করপিয়নস রক জোন ফ্যান ক্লাবের জন্য থাকছে বিশেষ সুযোগ। বৃহস্পতিবার (৩১ মার্চ) থেকেই তারা টিকিট সংগ্রহ করতে পারবেন।

কনসার্ট নিয়ে ব্যান্ড ‘চিরকুট’ও একটি পোস্ট দিয়েছে। সেখানে তারা বলেছেন, “ব্যান্ড মিউজিকের ইতিহাসে সেরা ব্যান্ড ‘স্করপিয়নস’ ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি কনসার্ট ফর বাংলাদেশ’-এ পারফর্ম করবে। এবং আপনাদের ভালোবাসার ‘চিরকুট’ তাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে স্টেজ ভাগাভাগি করবে। আমাদের ২০ বছর পূর্তি উদযাপন এর চেয়ে বড় হতে পারে না! আমরা বিশ্বাস করি, এটা পুরো দেশের জন্যই একটা গৌরবের মুহূর্ত। এবং আবারও বিশ্বের দরবারে দেশের মশাল বহন করা আমাদের জন্য অনেক বড় সম্মান ও দায়িত্বের।”

উল্লেখ্য, ১৯৬৫ সালে জার্মানির হ্যানোভার শহরে প্রতিষ্ঠিত হয় ‘স্করপিয়নস’ ব্যান্ডটি। হার্ড রক, হেভি মেটাল ও সফট রক ঘরানার এই ব্যান্ড বিশ্বজুড়ে জনপ্রিয়তার প্রথম সারিতে আসে আশির দশকে। বলা হয়, ১৯৭৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ব্যান্ডটির সবচেয়ে সফল লাইনআপ ছিল।

অন্যদিকে বাংলাদেশের তুমুল জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ প্রতিষ্ঠিত হয়েছে ২০০২ সালে। ২০১০ সালে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম। এ পর্যন্ত ব্যান্ডটি বেশ কয়েকটি শ্রোতানন্দিত গান উপহার দিয়েছে। দেশ-বিদেশে নিয়মিত কনসার্ট করে লাখো দর্শককে মাতিয়ে রাখে ব্যান্ডটি।