ঈশ্বরগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক কিশোরীকে ইভটিজিংয়ের দায়ে এক কিশোরকে ১ মাসের কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ র্মাচ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ শাস্তি দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইভটিজিংকারী কিশোর ময়মনসিংহ সদর উপজেলার চরনিলখিয়া এলাকার ছেলে। সে গত বুধবার চরনিখলা এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন সকালে চরনিখলা স্টেশন রোড দিয়ে এক কিশোরী স্কুলে যাচ্ছিল। এ সময় রাস্তায় সে কিশোরীকে উত্ত্যক্ত করলে মেয়েটি ভয়ে এক দোকানের সামনে আশ্রয় নেয়। স্থানীয়রা জিজ্ঞাসা করলে ওই কিশোর তাকে উত্ত্যক্ত করছে বলে জানায়।
এক পর্যায়ে স্থানীয়রা কিশোরকে আটক করে বিষয়টি ইউএনওকে অবহিত করে। ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় ওই কিশোরকে এ শাস্তি দেন।