নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে নিখোঁজের ৪ দিন পর ইকরামুল হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজন হত্যাকারীর স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার মদপুর মাঠের নিমতলা খাল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে যশোর পিবিআই।

ইকরামুল মণিরামপুর উপজেলার মশ্বিননগর ইউনিয়নের ভরতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় মূল অভিযুক্ত আমিনুর হোসেনসহ দুইজনকে আগেই আটক করে পিবিআই। আমিনুর (২৮) নিহত ইকরামুলের প্রতিবেশী হোসেন সরদারের ছেলে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের পরিদর্শক শামীম মুসা জানান, বুধবার তাদের কাছে ইকরামুল হোসেন নামে এক শিক্ষার্থীর নিখোঁজের অভিযোগ আসে। তারপর থেকে পিবিআইয়ের একাধিক টিম ইকরামুলের পরিবারের সঙ্গে কথা বলে। কথার বলার একপর্যায়ে তার প্রতিবেশী আমিনুরকে সন্দেহ করি। বুধবার গভীররাতে আমিনুরকে আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি ইকরামুলকে হত্যার কথা স্বীকার করেন। তার তথ্যমতে ঘটনাস্থল থেকে ইকরামুলের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।  

তিনি আরও জানান, এক বছর আগে আমিনুরের সঙ্গে বিবাদ সৃষ্টি হয় ইকরামুলের। এর জের ধরে ইকরামুলকে  হত্যার পরিকল্পনা করে আমিনুর। পরিকল্পনা অনুযায়ী ইকরামুলের বন্ধু মেহেদী ফোন করলে ২৮ মার্চ সন্ধ্যায় মশ্চিমনগর গনির মোড় এলাকায় আসেন ইকরামুল। এরপর থেকেই নিখোঁজ হন ইকরামুল।