দেশের সব সেক্টরে সীমাহীন লুটপাট ও দুর্নীতি চলছে। তার প্রমাণ রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের বালিশ কেটলি ক্রয়ের চিত্র। এতে দুর্নীতির বিন্দুমাত্র প্রকাশ হয়েছে। মূল দুর্নীতি পুকুরচুরি নয়, সমুদ্র চুরি হয়েছে। সরকার ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন কোথাও নেই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) উদ্যোগে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিলে বাম নেতারা এসব কথা বলেন।
বালিশ কেলেঙ্কারির মূল হোতাদের গ্রেফতার, পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের সব আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ, অর্থ পাচারকারী, ঋণখেলাপিদের ঋণ মওকুফ না করে কৃষকদের ঋণ মওকুফ করে ১ হাজার ২০০ টাকা মণ দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম এ সামাদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য সাহিদুর রহমান, কেন্দ্রীয় নেতা সামসুল হক, মোস্তফা আল খালিদ বিন মাহমুদ, শহীদ আসাদ পরিষদের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, জাতীয় স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক ফয়েজ, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশিদ, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ, গণসংগঠক মাহাবুব খোকন প্রমুখ।