সন্তানদের জন্য ঈদের কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে গাড়ি চাপায় নুরুন নাহার (২৫) নামে এক গৃহিণী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মো. আব্দুল হালিম আহত হয়েছেন। শনিবার ভোরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। গাড়ি চালককে আটক ও গাড়িটি জব্দ করেছে পুলিশ।
শাহবাগ থানার এসআই চম্পক চক্রবর্তী জানান, আজিজ সুপার মার্কেটের সামনে কনস্ট্রাকশনের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন নুরুন্নাহার। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার স্বজনরা দাফনের জন্য কিশোরগঞ্জের তারাইল উপজেলার লাগপুর গ্রামে নিয়ে গেছেন।
নিহত নুরুন নাহারের আত্মীয় নুরে আলম জানান, নুরুন নাহার ও আব্দুল হালিমের দুই সন্তান। তারা রাজধানীর ভাটারা থানার খন্দকার বাড়ির মোর সোলামাইথ এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। গত শুক্রবার বিকেলে সন্তানদের ও নিজেদের জন্য ঈদের কেনাকাটা করতে আব্দুল হালিম স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলে নিউ-মার্কেটে যান। সেখান থেকে কেনাকাটা শেষে তারা রাত আনুমানিক ৩টার দিকে বাসার উদ্দেশে রওনা দেন। তাদের মোটরসাইকেলটি শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে পৌঁছলে একটি রেডিমিক্স মিকচার মেশিনযুক্ত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দু’জনই ছিটকে পড়ে যায়। তখন ওই গাড়িটি নুরুন নাহারকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আশপাশের লোকজন আহত আব্দুল হালিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। আর পুলিশ এসে নিহত নুরুন নাহারের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।