নাটোরের লালপুরে বাসচাপায় মিম আক্তার (৮) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে লালপুর-বাঘা সড়কের উত্তর লালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যান চালক তহিদুল ইসলাম (৫২) আহত হয়েছেন। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মিম উপজেলার কাজীপাড়া গ্রামের শহীদুল ইসলামের সন্তান ও কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ জানায়, সকালে অটোভ্যানে করে মিম তার পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। উত্তর লালপুর এলাকায় কুষ্টিয়ার দৌলতপুর থেকে লালপুরের গ্রীনভ্যালি পার্কে পিকনিকে আসা সাব্বির এন্টারপ্রাইজ নামের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে মিমি ভ্যান থেকে ছিটকে পড়ে। এসময় বাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা মিমসহ আহতদের উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লালপুর থানার পুলিশ গিয়ে বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি মনোয়ারুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।