ইমরান খানের বুদ্ধি ছাড়া সবই আছে: সাবেক স্ত্রী রেহাম

এমনিতেই ব্যাপক কোণঠাসার মধ্যে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যে ইমরান খানকে একহাত নিলেন তার সাবেক স্ত্রী রেহাম খান। আজ শুক্রবার (৩১ মার্চ) রেহাম খান বলেন, 'ইমরান দেশের যে জগাখিচুড়ি করেছেন তা পরিষ্কার করতে জনগণকে একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার দিকে মনোনিবেশ করা উচিত।'  নিজের টুইটারে এসব কথা বলেন রেহাম। 

গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। ভাষণে তিনি বলেন, আল্লাহর কৃপায় আমার কিছুর প্রয়োজন নেই কারণ জীবনের সবকিছু- খ্যাতি, সম্পদ ইত্যাদি অর্জন করেছি।  

এ প্রসঙ্গে রেহাম খান বলেন, 'ইমরান খানের সব আছে, যা নেই তা হলো বুদ্ধি ও সক্ষমতা।' 

এছাড়া গতকালের ভাষণে ইমরান খান বলেন, ছোটবেলায় তিনি পাকিস্তানকে শীর্ষে উঠতে দেখেছেন। এ কথার সঙ্গে একমত হয়ে রেহাম বলেন, 'হ্যাঁ, আপনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখন পাকিস্তান দুর্দান্ত ছিল।'  

পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রেহাম খান পেশায় একজন সাংবাদিক। ২০১৪ সালে ইমরান খান তাকে বিয়ে করেন। তিনি ছিলেন ইমরানের দ্বিতীয় স্ত্রী। তবে বিয়ের এক বছরের মাথায় পারস্পরিক সম্মতিতে তাদের বিচ্ছেদ হয়। তথ্যসূত্র: এনডিটিভি।