ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে যোগ দিতে রওনা দিয়েছে সিরিয়ার শত শত ভাড়াটে যোদ্ধা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ভাড়াটে যোদ্ধাদের গতিবিধির ওপর নজরদারি চালানো দুই ব্যক্তিকে উদ্ধৃত করে ঐ প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ১১ বছরের গৃহযুদ্ধে রাশিয়ার সহযোগিতার প্রতিদান দিতেই এবার সিরিয়ার যোদ্ধারা মস্কোর হয়ে লড়তে নামছে।
একজন পশ্চিমা কূটনীতিক এবং সিরীয় সরকারের দামেস্ক-ভিত্তিক এক মিত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ভাড়াটে যোদ্ধাদের প্রথম দলটি রাশিয়ায় পৌঁছেছে এবং ইউক্রেনের রণাঙ্গনে যোগ দেওয়ার আগে সেখানে প্রশিক্ষণ নিচ্ছে। ঐ দুই সূত্র জানিয়েছে, প্রথম দলে সিরিয়ার সেনাবাহিনীর একটি ডিভিশনের কমপক্ষে ৩০০ সেনা রয়েছে, যারা সিরিয়ার গৃহযুদ্ধে আসাদ সরকারের পক্ষে লড়াই করার সময় রুশ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। আরো অনেক সেনাই হয়তো একই পথে রয়েছে। নিয়োগকারীরা সিরিয়া জুড়ে কয়েক হাজার আগ্রহী প্রার্থীর নামের তালিকা করছেন, যাদের সম্পর্কে সিরিয়ার নিরাপত্তা বিভাগ থেকে যাচাই-বাছাই করা হবে এবং এরপর রাশিয়ায় পাঠানো হবে।
নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া ভাড়াটে যোদ্ধা রপ্তানিকারকে পরিণত হয়েছে। মূলত যুক্তরাষ্ট্রসমর্থিত গৃহযুদ্ধের একটি পরাঘাত হিসেবেই এমনটি ঘটেছে।
১১ বছরের গৃহযুদ্ধ সিরিয়ার অনেক পুরুষকেই রণাঙ্গনের অভিজ্ঞতা দিয়েছে, কিন্তু দেশের অর্থনীতি এতটাই বিপর্যস্ত যে মানুষ এখন সেখানে কাজ পাচ্ছে না। তাই দেশটি যোদ্ধা ভাড়া দেওয়ার পথে হেঁটেছে—লিবিয়া, আজারবাইজান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং এখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে।