ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে রাশিয়া তাদের বাহিনীকে ধীরে ধীরে প্রত্যাহার করে নিচ্ছে। এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনাদের প্রত্যাহার ধীর, তবে লক্ষণীয়। দেশবাসীর উদ্দেশে দেওয়া সর্বশেষ ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘লড়াইয়ের পর বা নিজেদের ইচ্ছায় পিছু হটছে রাশিয়ান বাহিনী। আমরা এগিয়ে যাচ্ছি, সাবধানে এগোচ্ছি। ভবন, যানবাহন এমনকি মৃতদেহও খনির জন্য ঝুঁকিপূর্ণ ছিল।’
এ সময় তিনি আবারও সতর্ক করে বলেন যে, ‘পূর্বের পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিল। রাশিয়া তাদের বাহিনী সংগ্রহ করছে এবং নতুনভাবে শক্তিশালী আঘাতের জন্য প্রস্তুত। পাশাপাশি ইউক্রেনও একটি সক্রিয় প্রতিরক্ষা প্রস্তুত করছে।’
‘আমি আবার জোর দিয়ে বলছি, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। আমরা এখনই এটা ভাবতে পারি না যে, আমরা ইতিমধ্যে সব পরীক্ষায় পাশ করে গেছি’, যোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।