চাটমোহরে বিনা হালে রসুনের আবাদে ভালো ফলন

চাটমোহরে বিনা হালে রসুন আবাদ করে চাষিরা ভালো ফলন পেয়েছেন। কয়েক বছরের সাফল্যের পর এবারও ব্যাপকহারে বিনা হালে রসুনের আবাদ হয়েছে এ উপজেলায়। এখন চাষিরা রসুন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন।  

চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় ৬ হাজার ২৫০ হেক্টর জমিতে বিনা হালে রসুনের আবাদ হয়েছিল। প্রতি বিঘা জমিতে ৩৫ থেকে ৪০ মণ ফলন হয়েছে। 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, আমন ধান কাটার পর জমি থেকে দ্রুত আগাছা পরিষ্কার করে মাটি ভেজা থাকতেই পরিমিত সার প্রয়োগ করে সারিবদ্ধভাবে রসুনের বীজ রোপণ করতে হয়। এরপর খড় দিয়ে জমি ঢেকে দিতে হয়। এক মাস পর সেচ দিয়ে জমিতে পরিমাণ মতো ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। ৯০ থেকে ১০০ দিনের মধ্যে রসুন ঘরে ওঠে।  

উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের রসুনচাষি মো. ইজাবত আলী জানান, এবার আবাদে খরচ একটু বেশি। বিঘাপ্রতি ২৫ হাজার টাকা খরচ হয়েছে। বিঘাপ্রতি ফলন ৩৫ মণ। তার বর্তমান বাজার দর ৩৫ হাজার টাকা। পরে দাম আরো বাড়বে।  

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ জানান, এ অঞ্চলের রসুন দেশের অনেকটা চাহিদা পূরণ করছে। কৃষকও আর্থিকভাবে লাভবান হচ্ছেন।