বর্ণিল আয়োজনে বাকৃবিতে বসন্ত উদযাপন

বর্ণিল ফাগুনের ইতি টেনে আগমন ঘটছে দগ্ধ চৈত্রের। এমনই সময়ে ফাগুনের রঙে আরও একবার মন রাঙাতে উৎসবে মেতে উঠেছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সংগঠন ‘টিম উৎসব’ এর আয়োজনে গত ১১ মার্চ (২৬ শে ফাল্গুন) বসন্ত উৎসব হিসেবে 'উৎসবে বসন্ত - ১৪২৮' অনুষ্ঠিত হয়। করোনার আক্রমণে ক্যাম্পাস দীর্ঘদিন বন্ধ থাকার পর এটিই কোনো বৃহৎ পরিসরের উৎসব যা ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো।

শিক্ষার্থীদের কবিতা আবৃত্তির মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। বসন্তের রঙের প্রতীক হিসেবে আবীর উৎসব (রঙ উৎসব) উদযাপিত হয়। উৎসবে শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় সকলেই অংশ নেয়। বিকেলে 'ঘুড়ি উৎসব' উদযাপনের মধ্য দিয়ে নানা রঙের ঘুড়িতে রঙিন হয় বাকৃবির আকাশ। বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের থেকে স্টল তৈরি করা হয় এবং তাদের উৎসাহিত করতে প্রাঙ্গনে কাজ করার অনুমতি দেয়া হয়। বাংলা সাহিত্য বা চলচ্চিত্রের চরিত্রগুলির উপর ভিত্তি করে কসপ্লে থিমযুক্ত একটি প্রতিযোগিতামূলক বিভাগ ছিল। সন্ধ্যার আধো আলোয় করা হয় প্রদীপ প্রজ্জ্বলন।

উৎসবের প্রধান আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। ক্যাম্পাসের শিক্ষার্থীদের গান পরিবেশনায় মুখরিত হয় সন্ধ্যা। শিক্ষার্থীরা লোকগান, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে।  কনসার্টের অংশ হিসেবে বিএইউ মিউজিক্যাল রেজিমেন্ট (BAU Musical Regiment), অ্যারোনেজ (Aeronedge), কাকতালিও (Kaktalio), মিজান বাউল তাদের ব্যান্ড পরিবেশনা প্রদর্শন করে।

এই বসন্ত উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। বসন্তের বাকি সময় ব্যাপী এর ছোঁয়া রয়ে যাবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।