শ্রীপুরে প্রতিপক্ষের বাধার কারণে ধানক্ষেতে সেচ দিতে না পেরে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিপাড়া গ্রামে। ভুক্তভোগী কৃষক ঐ গ্রামের আবু সাঈদের ছেলে আলামিন। অভিযুক্তরা হলেন ঐ গ্রামের আব্দুস সাত্তার, খলিলুর রহমান, ইসরাফিল, তাজউদ্দীন, নাঈম, সোহেল, নাজমুল ও সরাফত আলী।
ভুক্তভোগী ঐ কৃষকের অভিযোগ, আব্দুস সাত্তারের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবৎ তার সঙ্গে শত্রুতা করে আসছে। আবু সাঈদ তার আড়াই বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। প্রতিপক্ষের বাধার কারণে জমিতে সেচ দিতে পারছেন না। মাটি ফেটে চৌচির হয়ে গেছে। পানির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে খেতের ধান। প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। খেতের ধান নষ্ট হয়ে গেলে পরিবার নিয়ে উপোস করতে হবে। তাই তার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
মাওনা ইউনিয়ন পরিষদের চেযারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন বলেন, ‘বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছে। বোরো ধান ওঠার পর বিষয়টি নিষ্পত্তি করার কথা ছিল। প্রতিপক্ষ আমার সিদ্ধান্ত মানেনি।’
অভিযুক্ত প্রতিপক্ষ আব্দুস সাত্তারের মোবাইল ফোনে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
উপজেলা কৃষি কর্মকর্তা এস এম মুয়ীদুল হাসান জানান, সরেজমিনে লোক পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়াও একই কথা জানান।