সরকারের লাগামহীন লোভে দ্রব্যমূল্য আকাশচুম্বী: ফখরুল

গতকাল শনিবার রাজধানীতে চার ঘণ্টার এক প্রতীকী অনশন কর্মসূচি উদ্বোধনকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার জনগণকে স্বস্তি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে আমাদের চাল, ডাল, তেল, লবণসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে। তাদের সিন্ডিকেটের লোভের কারণে প্রত্যেকটি জিনিসের মূল্য আকাশচুম্বী হয়ে গেছে। রমজান মাস শুরু হচ্ছে। কিন্তু দ্রব্যমূল্য কমাতে এই সরকার কী করছে? তাদের যদি আমরা পরাজিত করতে না পারি, যদি ক্ষমতা থেকে সরিয়ে দিতে না পারি, তাহলে এদেশের মানুষের অস্তিত্ব থাকবে না।’

শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে’ এই অনশন কর্মসূচি শুরু হয়। বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পানি পান করিয়ে অনশন ভাঙান।

কর্মসূচিকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টা থেকেই ব্যানার, ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। কর্মসূচি ঘিরে মৎস্য ভবন, কদম ফোয়ারা, পল্টনসহ প্রেসক্লাবের আশপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব আমিনুল হকের পরিচালনায় অনশনে অংশ নেন এবং বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আহমেদ আযম খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কৃষিবিদ শামীমুর রহমান, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু জাতীয় ঐক্যফ্রন্টের নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এনপিপির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি প্রমুখ।

নেতাকর্মীদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, আজকে অনশন পালন করে এ সরকারকে জানিয়ে দেন, এ সরকারের ওপর এ দেশের মানুষের আর কোনো আস্থা নেই। তাদের সরে যেতে হবে আর একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই আন্দোলন আমাদের শুরু করতে হবে।

অনশনে জামায়াতের তিন কর্মীকে মারধরের অভিযোগ

প্রতীকী অনশনে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও সংহতি জানাতে আসেন। দলের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলকে পৌঁছে দিতে এসে তিন কর্মী মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম ইমন বলেন, ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল কর্মী আমাদের তিন জন কর্মীর ওপরে চড়াও হয়েছিল। এতে তিন জন আহত হয়েছেন। তাদের অনেক জায়গায় কেটে গেছে।